বাংলাদেশের আইটি খাতের তরুণ উদ্যোক্তা ও মেধাবী শিক্ষার্থীদের দক্ষতা ও উন্নয়নে রাশিয়ার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফশোর ক্যাম্পাস স্থাপনে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রবিবার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি. মান্টিটাস্কি (Alexander Vikentyevich Mantytskiy) মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাতে গেলে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।
বৈঠকে তারা দুই দেশের পারষ্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনায় রাশিয়া ও বাংলাদেশের মধ্যে ডিজিটাল লেনদেনের পথ সুগম করতে ইন্টার-অপারেবল ডিজিটাল ট্র্যাঞ্জেকশান (আইডিটিপি) ব্যবস্থার প্রবর্তন, রাশিয়ান প্রযুক্তি কোম্পানিগুলো রোবটিকস্, ব্লকচেইন, মেশিন লার্নিং, এআই, এআর, ভিআর ইত্যাদি ক্ষেত্রে ব্যবসা ও বিনিয়োগ ও নলেজ শেয়ারের বিষয় গুরুত্ব পায়। এছাড়াও রুশ কোম্পানিগুলোর জন্য হাই-টেক পার্কে জমি বরাদ্দ, উভয় দেশের যৌথ উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন টেকসই স্টার্টআপ এক্সচেঞ্জ প্রোগ্রাম, বাংলাদেশ-রাশিয়া ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন, ডিসেম্বরে ডিজিটাল ওয়ার্ল্ড সামিটে রাশিয়ান আইটি কোম্পানিগুলোকে অংশগ্রহণ, এজেন্সি ফর নলেজ অন অ্যারোনটিক্যাল অ্যান্ড স্পেস হরাইজন (আকাশ) প্রতিষ্ঠা এবং বাংলাদেশের স্টার্টআপ খাতের সম্ভাবনা ও সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

আলোচ্য বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে অদূর ভবিষ্যতে বাংলাদেশের সাথে আইসিটিসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরো জোরদার হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করেন রুশ রাষ্ট্রদূত ভি মান্টিটাস্কি।
রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে বিগত ১৩ বছরে বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে প্রসংশা করেন। রাষ্ট্রদূত বলেন অল্প সময়ে বাংলাদেশের আইসিটি খাতসহ বিভিন্ন খাতের ব্যাপক উন্নয়ন ঘটেছে। আগামী দিনগুলোতে বাংলাদেশ তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে আরো এগিয়ে যাবে। রাষ্ট্রদূত বলেন বন্ধুপ্রতিম দুই দেশের সৌহার্দপূর্ণ ও দৃঢ় সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দ্বিপাক্ষিক এই বৈঠকে অন্যান্যের মধ্যে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো: খায়রুল আমীন এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়া’র থার্ড সেক্রেটারি এনথন ভারিসেনসহ আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক ছাড়াও রূশ প্রতিনিধি দলকে বিজিডি ই-গভ সার্টের লাইব্রেরি পরিদর্শন, তাদের কার্যক্রম, নবীন উদ্যোক্তাদের নিয়ে আই ল্যাবের বিভিন্ন উদ্যোগ ঘুরিয়ে দেখান প্রতিমন্ত্রী। এসময় বিডিজিডি ই-গভ সার্ট পরিচালক তারেক মোসাদ্দেক বরকতুল্লাহ, এটুআই প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন প্রমুখ প্রতিমন্ত্রীর সঙ্গে থেকে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরেন রুশ প্রতিনিধিদের সামনে।